চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর নকল আইসক্রিম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কুমিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই ও পুলিশের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
কারখানাটিতে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নামে নকল আইসক্রিম তৈরি করা হচ্ছিল, যেখানে ব্যবহার করা হচ্ছিল ক্ষতিকর কেমিক্যাল, কৃত্রিম রঙ এবং ভেজাল উপকরণ। এছাড়াও বিএসটিআইয়ের লোগো জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে ভোক্তাদের ঠকানো হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই ধরনের নকল পণ্যে শিশুদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। জনস্বার্থে কারখানাটি তাৎক্ষণিক সিলগালা করা হয়েছে এবং আইসক্রিম তৈরির কাঁচামাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অভিযানের সময় কারখানায় কোনো শ্রমিক বা কর্মচারী উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মালিক পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয়ভাবে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা মনে করেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা উচিত।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন