চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বিএসটিআই অফিস ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কুমিরা এলাকায় অবৈধভাবে আইসক্রিম তৈরির কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানের খবর পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়।
বিএসটিআই সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ব্যতীত দীর্ঘদিন ধরে একটি বেনামি আইসক্রিম কারখানা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ব্র্যান্ডের নকল আইসক্রিম পণ্য উৎপাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে উৎপাদন, সংরক্ষণ, বিক্রি ও বিতরণের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ১০০ কার্টন কাপ ও বার আইসক্রিম এবং ২০০ প্যাকেট আইসললি পণ্য জব্দপূর্বক জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অবৈধভাবে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। অভিযান চালিয়ে জরিমানা ও ক্ষতিকর দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক (সিএম) রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী সজীব চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন