রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৪:২১ পিএম
রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান। উদ্বোধনের পর এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসন ও বিআরটিএ রাজশাহী সার্কেল এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) পার্কন চৌধুরী, সহকারী পরিচালক ফয়সাল হোসেন, পরিদর্শক আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, নিরাপদ গতি বজায় রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারী সবারই দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

দিবসটি উপলক্ষে নগরজুড়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে সচেতনতা কর্মসূচি পরিচালিত হয়। পাশাপাশি শিক্ষার্থী, চালক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ে প্রচারণা চালানো হয়।

জেএইচআর