চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর হামলার অভিযোগে মো. রায়হান (২৬) নামে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে থানার ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তিনি হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের ছেলে। তবে রায়হান বর্তমানে জামায়াতের কোনো পদে নেই বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।
পুলিশ জানায়, গ্রেপ্তার রায়হান বুধবার দুপুরে থানায় ঢুকে রায়হান আলীপুর স্কুলের ছাত্র হত্যার ঘটনায় আটক দুজনের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। তখন পুলিশ তাকে এ কাজ করতে নিষেধ করে। এসময় তিনি পুলিশের ওপর হামলা চালান। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, বুধবারের ঘটনায় তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ইতোমধ্যে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের দিন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
হাটহাজারী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী জানান, এক সময় রায়হান হাটহাজারী কলেজ শাখার সভাপতি ছিল। তবে বর্তমানে তিনি জামায়াতের কোনো পদে নেই।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন