কালীগঞ্জে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৬:৪৯ পিএম
কালীগঞ্জে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জে ওপেন হাউজ-ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে কালীগঞ্জ থানার আয়োজনে কাকিনা ইউনিয়নের কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম।

পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, “বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে যাচ্ছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য।”

তিনি আরও বলেন, “মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের আরও এগিয়ে আসতে হবে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের সভাপতিত্বে, এসআই মফিজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাটের ওসি ডিবি সাদ আহমেদ, কালীগঞ্জ থানার ওসি তদন্ত রমজান আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির বাবু, কাকিনা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন শরীফ, বাংলাদেশ জামায়তে ইসলামী কাকিনা ইউনিয়ন শাখার আমির নুরমোহাম্মদ প্রমুখ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ