নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যেমন কোর্ট রোড, সাজিউড়া মোড়, চিরাং মোড়, বাজার রোড, সিএনজি স্টেশন মোড় ও আরও কয়েকটি এলাকায় অবস্থিত অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়েছে।
তাছাড়া, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারি জায়গায় একটি অবৈধ বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল। এক সপ্তাহ আগে নোটিশ দেয়ার পরেও মালিক কাজ করে যাচ্ছিল। পরে এই বিল্ডিংয়ের অবৈধ অংশ ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়।
একজন মুরগি ব্যবসায়ী মুরগি জবাই করে রক্ত রাস্তার উপরে ফেলে রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কেন্দুয়া পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।
কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশ, আনসার ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, উপজেলা শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন অনেক ব্যবসায়ী। আজ থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদে নিয়মিতভাবে অভিযান চালানো হবে। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ন থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন