পিরোজপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৮:৩৬ পিএম
পিরোজপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উদ্বোধন হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০২৫।

বৃহস্পতিবার পিরোজপুর সিও অফিস চত্বরে এই ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে পিরোজপুর জেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে সিও অফিসে এসে শেষ হয়।

র‌্যালি শেষে মোটরসাইকেল যাত্রীদের মাঝে পুলিশ সুপার হেলমেট বিতরণ করেন এবং মাথায় থাকা হেলমেট পরিধানকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে সিও অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার যাত্রী ও নাগরিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন ভঙ্গ করলে জেলার ট্রাফিক বিভাগ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি জেলা ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ ট্রাফিক চেকিংয়ের মাধ্যমে নাগরিকদের সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলতে উদ্বুদ্ধ করছে।

এ সময় বক্তারা বলেন, আজকের এই আয়োজন শুধু একটি সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন নয়, এটি আমাদের সম্মিলিত দায়বদ্ধতার নতুন অধ্যায়।

তারা আরও বলেন, মনে রাখবেন, ট্রাফিক পুলিশ শুধু জরিমানা করার জন্য নয়—তারা দিনরাত আমাদের জীবন রক্ষার জন্য কাজ করে। তাদের সহযোগিতা করুন, নিজে নিয়ম মেনে চলুন, অন্যকে সচেতন করুন। পথ আমাদের সবার, তাই দায়িত্বও সবার।

সভায় ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সওজ সড়ক উপবিভাগ কাউখালীর উপবিভাগীয় প্রকৌশলী বি. এম. রাজিমুল আলীম রাজু, বিআরটিএ পিরোজপুরের উপপরিচালক মোবারক হোসেন, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, পিরোজপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজিব, টিআই (প্রশাসন), বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীগণ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ প্রমুখ।

ইএইচ