টাঙ্গাইলের মির্জাপুরে বিবস্ত্র অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০ টার দিকে মির্জাপুর পৌরশহর দিয়ে প্রবাহিত বারোখালি খালের বাইমহাটি অংশে কচুরিপানার সাথে তার মরদেহ আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহত মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী গোলাপী বেগম (৩২)। তাদের সংসারে ৩ মেয়ে সন্তান রয়েছে। গোলাপী বাইমহাটি গ্রামের বিষা মিয়া ও সমলা বেগম দম্পতির মেয়ে।
নিহতের মা সমলা বেগম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মেয়ে নিখোঁজ হয়। নিখোঁজের কিছুক্ষণ পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এছাড়া খাল পারাপারের জন্য ব্যবহৃত নৌকাটিও তখন থেকেই নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে নৌকাটি বাইমহাটি প্রফেসর পাড়া এলাকায় ব্রিজের সামনে কচুরিপানায় আটকে থাকা অবস্থায় দেখতে পান তারা। ঘটনার দিন রাতেই মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ দায়ের করেন গোলাপীর বাবা বিষা মিয়া। তার গলায় ওড়না পেচানো ও এক পা জিআই তার দিয়ে বাধা ছিল। মুখেও আঘাতের চিহ্ন দেখা গেছে।
স্বামী আব্দুল কাদেরের কাছে তাদের কারো সাথে বিরোধ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি এখনই বলা সম্ভব নয়।”
তবে তিনি তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে পূর্ব থেকেই উদ্বিগ্ন ছিলেন।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ডের ঘটনা। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের কাজ সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন