ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণে ৮ মাদ্রাসাছাত্রী দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ১২:০৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণে ৮ মাদ্রাসাছাত্রী দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদরের বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় আট শিক্ষার্থী দগ্ধ হয়েছে। 

বুধবার বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধরা হলেন, সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), তুইবা (৬), রওজা (১৩) ও আফরিন (১৩)।

দগ্ধ আফরিনের মামা মো. আনোয়ার জানান, বুধবার বিকেলে মাদ্রাসার পাশের ট্রান্সফর্মার হঠাৎ বিস্ফোরিত হয়। তখন চতুর্থ তলায় শিক্ষার্থীরা ক্লাস করছিল। বিস্ফোরণের আগুনের ফুলকি মাদ্রাসার ভেতরে ঢুকে পড়লে শিক্ষার্থীরা দগ্ধ হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ আট মাদ্রাসাছাত্রী ভর্তি হয়েছে। তাদের মধ্যে সাদিয়ার ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ এবং আফরিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।”

তিনি আরও জানান, “দগ্ধ আটজনের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে, আর তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।”

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ইএইচ