কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৭:২০ পিএম
কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় মাহবুব রহমান (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার দুপুরের দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর দরগাড়পাড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব রহমান ওই এলাকার মৃত জাফর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মাহবুব রহমান মোটরসাইকেলযোগে কালীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ