রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন, বাবা-ছেলে গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৪:৩৪ পিএম
রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন, বাবা-ছেলে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক বিরোধের জেরে পর্বত রায় (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সুকুমার রায় (৫০) ও ভাতিজা রবীন চন্দ্র রায় (২০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার ভোরে রাজশাহী নগরের হারুপুর বাগানপাড়া এলাকা থেকে র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

র‍্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুজনই গোদাগাড়ী উপজেলার আইহাই রাহী গ্রামের বাসিন্দা। নিহত পর্বত রায় ছিলেন সুকুমার রায়ের ছোট ভাই।

র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর পারিবারিক বিষয় নিয়ে পর্বত রায়ের সঙ্গে তাঁর মায়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই সুকুমার রায় তর্কে যুক্ত হলে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি বাধে।

পরে গ্রামের এক চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পর্বত রায় সুকুমারকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় সুকুমারের ছেলে রবীন বাড়ি থেকে আরেকটি লাঠি এনে চাচা পর্বত রায়ের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় পর্বত রায়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রবীনকে প্রধান আসামি ও সুকুমারকে সহ-আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেন।

ঘটনার পর থেকে আসামি বাবা-ছেলে পলাতক ছিলেন। দীর্ঘদিন নজরদারি চালিয়ে র‍্যাব তাঁদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যার দায় স্বীকার করেছেন। তাঁদের গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ এর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, “ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।”

জেএইচআর