মহেশপুরে বিজিবির অভিযান: মাদক উদ্ধার ও আটক ১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৫:৫০ পিএম
মহেশপুরে বিজিবির অভিযান: মাদক উদ্ধার ও আটক ১

ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে মাদক ও সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

গত ২ নভেম্বর রাতে কুসুমপুর বিওপি এলাকা থেকে নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলামের বাঁশ বাগান থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তী দিন, ৩ নভেম্বর সকালেও বাঘাডাংগা বিওপি এলাকা থেকে হাবিলদার মো. মাসুম ইলাহীর নেতৃত্বে নিয়মিত টহলকালে সীমান্ত পারাপারের সময় দুই নারী বাংলাদেশী নাগরিককে আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

একই দিনে কুমিল্লাপাড়া বিওপি এলাকা থেকে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে তিনজন পুরুষ—মোহন কুমার পাল (৩০, যশোর), মো. সজিব কাজী (২৩, ফরিদপুর) এবং মো. জাফরান (৩১, ঝালকাঠী) সহ দুইজন নারীকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও মাদকদ্রব্যের অবৈধ কারবার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ইএইচ