কুষ্টিয়ার ভেড়ামারায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ৮ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, পেঁয়াজ, ডাল, খেসারি, সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভেড়ামারার আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহাসিন আলী, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হেলাল মজুমদার।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ২,২৭৯ জন সরিষা চাষি, ৪৮০ জন মসুর চাষি, ৪০০ জন গম চাষি, ১,৭০০ জন খেসারি চাষি, ৪০ জন আড়হর চাষি, ৩০ জন পেঁয়াজ চাষি এবং ২০ জন সূর্যমুখী চাষিকে এক কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া ১০০ জন বাদাম চাষিকে ১০ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান বলেন, “উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় তিন হাজার ২৭৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা স্বাবলম্বী হয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন