কালীগঞ্জে রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ২০ লাখ টাকা ক্ষতি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৬:০৪ পিএম
কালীগঞ্জে রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ২০ লাখ টাকা ক্ষতি

লালমনিরহাটের কালীগঞ্জে সালেমা অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী এলাকায় কাকিনা এলএসডি গোডাউনের পাশে সালেমা অটো রাইস মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

মিলের ভেতরে থাকা তুলার গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, “তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের একটি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে পাশের খাদ্যগুদামসহ আশপাশের এলাকা রক্ষা করা সম্ভব হয়েছে।”

তুলা ব্যবসায়ী শেখ আলী আকবর বলেন, “গোডাউনে প্রচুর পরিমাণ তুলা রাখা ছিল। আচমকা আগুন লেগে সব পুড়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার তুলা নষ্ট হয়ে গেছে। আমরা সর্বস্ব হারালাম।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ইএইচ