বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ওষুধ ও সিসা জব্দ, চালক আটক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৭:৫৭ পিএম
বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ওষুধ ও সিসা জব্দ, চালক আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখায় ভারতীয় একটি খালি ট্রাক থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি ওষুধ ও ধাতব বস্তু সিসা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ওই ট্রাকের চালককেও আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ থেকে ভারতে ওষুধগুলো অবৈধভাবে পাচারের সময় এ ঘটনা ঘটে।

বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল প্রায় ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরগামী ভারতীয় ট্রাক (নম্বর WB-78-5576) নিয়ে চালক সমীর পাল (৩৬) শূন্যরেখা অতিক্রম করছিলেন। এসময় বুড়িমারী আইসিপি বিজিবি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সন্দেহ হলে ট্রাকটি তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘ওসিমার্ট’ ১,৫০০ পিস এবং ‘ওসিকিন’ ট্যাবলেট ১,৫০০ পিস পাওয়া যায়। এছাড়াও ওই ট্রাকে ২৭২ কেজি সিসাও উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত ওষুধ ও সিসার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাকটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর থেকে ৩ নভেম্বর পাথর নিয়ে বাংলাদেশে আসে এবং ৫ নভেম্বর পাথর খালাস করে ৬ নভেম্বর সকালে খালি অবস্থায় ভারতে ফেরার পথে ধরা পড়ে। আটক ট্রাকচালকের নাম সমীর পাল। তিনি ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা গ্রামের গৌরাঙ্গ পালের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (৬১ বিজিবি, তিস্তা-২ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, “জব্দকৃত ওষুধ, সিসা এবং ট্রাকের চালককে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।”

ইএইচ