কায়সার কামাল

বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য হেলথ কার্ড চালু হবে

গোলাম কিবরিয়া সোহেল (নেত্রকোণা) প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০২:৫৮ পিএম
বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য হেলথ কার্ড চালু হবে

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি জনগণের দল এবং দেশের কল্যাণে কাজ করে আসছে। জনগণের রায় অনুযায়ী ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য হেলথ কার্ড চালু করা হবে।

শনিবার লেংগুড়া স্কুল এন্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনী এলাকার কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলায় মোট ৭টি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির আয়োজন করা হয়েছে।

আজকের ক্যাম্পে ঢাকা ও ময়মনসিংহের ৮০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন এবং প্রায় ৩,০০০ রোগীকে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

লেংগুড়া ইউনিয়ন বিএনপি ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর