আয়নাঘরে নির্যাতিত হয়েও জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হইনি: লুৎফুল্লাহেল মাজেদ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৯:২৪ পিএম
আয়নাঘরে নির্যাতিত হয়েও জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হইনি: লুৎফুল্লাহেল মাজেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। 

সভায় তিনি বলেন, “আয়নাঘরে নির্যাতিত হয়েও আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি।”

শুক্রবার রাত ৮টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার। ঈশ্বরগঞ্জকে একটি শিক্ষিত, আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, আত্মনির্ভরতার দর্শন ও গণমানুষের রাজনীতিই আমার অনুপ্রেরণা। নানা সময়ে মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি, তবু আদর্শ থেকে সরে যাইনি।”

দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমার নেতা তারেক রহমান যে আস্থা ও আত্মবিশ্বাসে আমাকে ধানের শীষ প্রতীকে প্রার্থী করেছেন, আমি বিশ্বাস করি ঈশ্বরগঞ্জবাসী সেই আস্থার প্রতিফলন ঘটাবেন নির্বাচনে।”

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করে মাজেদ বাবু বলেন, “দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকরা যেন নিরপেক্ষভাবে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করেন, সেই আহ্বান জানাই।”

তিনি আরও স্মরণ করেন, “৫ আগস্টের আগের ভয়াল রাজনৈতিক পরিস্থিতি, গুম-খুন ও নিপীড়নের ঘটনাগুলো আমাদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, আব্দুল্লাহ আল মামুন খোকন, সদস্য মুরাদ হোসেন হলুদসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

ইএইচ