চট্টগ্রামের হাটহাজারীতে আবারও অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুরের পশ্চিমে রেললাইন এলাকার একটি ডোবা থেকে মডেল থানার এসআই আল আমিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করেন।
জানা যায়, সকালে ওই ডোবার মধ্যে উপুড় হয়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, গতকালও ওই এলাকায় ভিক্ষা করতে দেখেছেন তাকে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। সুরতহাল প্রতিবেদনে মৃত ব্যক্তির মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরিচয় শনাক্ত করা গেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, আগের দিন সোমবার সকালে হাটহাজারী পৌরসভা এলাকা থেকে একটি অজ্ঞাত পুরুষের লাশ ও উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে পুরুষ লাশটির পরিচয় পাওয়া গেছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন