সালথায় স্ত্রীকে হত্যার দেড়মাস পর স্বামীর আত্মহত্যা বিষপান করে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৫:৪৮ পিএম
সালথায় স্ত্রীকে হত্যার দেড়মাস পর স্বামীর আত্মহত্যা বিষপান করে

ফরিদপুরের সালথায় হাতুড়ি পিটিয়ে স্ত্রীকে হত্যার দেড়মাস পর বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী রাজু মাতুব্বর (২৮)। 

বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এর আগে পারিবারিক কলহের জেরে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে রাজু মাতুব্বর তার স্ত্রী নাদিরা আক্তারকে (২৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। নিহত রাজু মাতুব্বর সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের মৃত জয়নাল মাতুব্বরের ছেলে।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ২৭ সেপ্টেম্বর গভীর রাতে রাজু মাতুব্বর তার স্ত্রী নাদিরা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরবর্তীতে নাদিরার পরিবার রাজুকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে রাজু আত্মগোপনে চলে যান।

গত সোমবার (১০ নভেম্বর) রাতে গোপনে রাজু তার মায়ের সাথে দেখা করতে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর নিজের স্ত্রীকে হত্যার অপরাধবোধ ও হতাশা থেকে মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার রাতেই বাড়ি ফিরে আসেন রাজু। কিন্তু বুধবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত রাজুর মা জাকিরন বেগম জানান, স্ত্রী হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। সেই শোকে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “স্ত্রী হত্যার দেড়মাস পর স্বামী রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

ইএইচ