লালমনিরহাটের পাটগ্রামে নিবন্ধনকৃত নামের পরিবর্তে অন্য নামে ভুট্টা বীজ বিক্রয়ের অভিযোগে চার বীজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করে।
বুধবার বিকেলে উপজেলার বাউরা বাজার ও ললিতারহাট এলাকায় উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন জানায়, বীজ আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লঙ্ঘন করে নিবন্ধনকৃত নামের পরিবর্তে অন্য নামে প্যাকেটজাত ভুট্টা বীজ বিক্রয় করার অপরাধে বাউরা বাজারের বীজ ব্যবসায়ী মো. সেলিম জাহাঙ্গীরকে ১০ হাজার এবং ললিতারহাট এলাকার বীজ ব্যবসায়ী আব্দুল হামিদকে ১০ হাজার, কাশেম আলীকে ৫ হাজার ও মাহবুব আলমকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা শামীম হোসেন, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামিয়ার রহমান উপস্থিত ছিলেন। এ সময় পাটগ্রাম থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, “নিবন্ধনকৃত নামের পরিবর্তে অন্য নামে ভুট্টা বীজ বিক্রয় করার অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কৃষির উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন