টাঙ্গাইলে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১১:৪২ এএম
টাঙ্গাইলে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘বাংলা স্টার’ পরিবহনের একটি বাস ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথে সড়কে দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হলে বাসটি ধীরগতিতে চলছিল। সেই সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক, হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ূন কার্ণায়েন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্বৃত্তদের শনাক্তে অভিযান চলছে বলে জানা গেছে।

ইএইচ