মসিকের দুই পদে সুমনা আল মজিদ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১১:২৯ পিএম
মসিকের দুই পদে সুমনা আল মজিদ

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সুমনা আল মজিদ। গত এক যুগ ধরে জেলা পরিষদ, জাতীয় শিক্ষা একাডেমি (নেপ), ক্যান্টনমেন্ট এবং মসিকসহ নানা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করায় তিনি দীর্ঘদিন প্রশাসনিক পরিমণ্ডলে প্রভাবশালী অবস্থানে রয়েছেন। 

জুলাই বিপ্লবের পর মসিকে দায়িত্ব পালনের সময়ে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সন্তুষ্টি অর্জনকে অগ্রাধিকার দিলেও নগরবাসীর মূল সমস্যা সমাধানে তিনি উদাসীন এমন অভিযোগ করেছেন অনেকে। 

এদিকে ময়মনসিংহ শহর বর্তমানে ডেঙ্গুর ভয়াবহ হটস্পটে পরিণত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। নাগরিক সেবার চরম অবনতি সিটি করপোরেশনের কার্যক্রমকে প্রায় অচল করে দিয়েছে। জন্মসনদ প্রদান, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, ড্রেনেজসহ সব ক্ষেত্রেই অচলাবস্থা। অভ্যন্তরে কর্মকর্তাদের হতাশা, বাইরে নাগরিকদের ভোগান্তি এখন নিয়মিত দৃশ্য।

দক্ষতার ঘাটতি, এককেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মপরিকল্পনার অভাবে শহরজুড়ে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। কোথাও সুপেয় পানির সংকট, কোথাও ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা। দিনের বেলায় স্ট্রিটলাইট জ্বলে, রাতে অন্ধকার; রাস্তাজুড়ে গর্তে দুর্ঘটনা বাড়ছে। সড়কে ইট-বালুর স্তূপে ব্যাহত হচ্ছে যানচলাচল। এমনকি জয়নুল আবেদিন পার্কের উন্মুক্ত স্থানও দখল করেছেন হকাররা।

নিয়মিত সিটি কর পরিশোধ করেও নাগরিকরা জন্ম মৃত্যুসনদসহ নানাবিধ সেবার জন্য সপ্তাহের পর সপ্তাহ ভোগান্তিতে পড়ছেন। 

নাগরিক সংগঠন সুজনের সম্পাদক আলী ইউসুফ বলেন, “নগরবাসীর লাশ গোসলের জন্য নির্দিষ্ট ঘর নেই, কবর খননেও দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। মরেও শান্তি নেই।”

মহাখালী গার্লস স্কুলের অধ্যক্ষ জিয়াউদ্দিন শাকির বলেন, “সেবার নামে নাগরিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সাধারণ মানুষ সাক্ষাৎ করতে এলে প্রায়ই দুর্ব্যবহারের শিকার হন।”

বিশেষজ্ঞরা মনে করছেন, সংস্কৃতি ও শিক্ষার নগর ময়মনসিংহ বর্তমানে অব্যবস্থাপনার চাপে তার ঐতিহ্য হারানোর পথে। নগরবাসীর দাবি, মসিকে প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং দ্রুত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন জরুরি। একই ব্যক্তির হাতে সচিব ও প্রধান নির্বাহীর মতো দুটি গুরুত্বপূর্ণ পদ থাকায় যে ক্ষমতার কেন্দ্রিকতা তৈরি হয়েছে, তা দূর করে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে শহরকে আবার বাসযোগ্য করে তুলতে হবে।

এ বিষয়ে মসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ বলেন, “আমি যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। কিছু সমস্যা আছে, তবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

ইএইচ