পাথরঘাটায় মাদ্রাসায় বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৩:০৭ পিএম
পাথরঘাটায় মাদ্রাসায় বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় সওতুল ইসলাম নূরানী ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। শুরুতেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, শিক্ষাসামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়ার অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়ে। বিদ্যালয় জীবন, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে স্মৃতিচারণে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন।

শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের জীবনে নৈতিকতা, সততা, সাহস ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মবিশ্বাসী হতে উৎসাহিত করেন।

পরবর্তীতে তৃতীয় শ্রেণীর সমাপনী (বোর্ড) পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যতের কামনায় সকলেই হাত তুলে প্রার্থনায় অংশ নেন। দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও সাধারণ শিক্ষায় আরও অগ্রগতি কামনা করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মুহা. ইব্রাহীম খলীল বলেন, “বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার বিকল্প নেই। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের আদর্শবান, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।”

অন্যান্য শিক্ষকবৃন্দও বক্তব্যে শিক্ষার মান উন্নয়ন, পরিবার-প্রতিষ্ঠান সমন্বয় ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন।

অভিভাবকেরাও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এলাকায় এই মাদ্রাসা এখন আস্থার প্রতীক। শিক্ষার মান, শিক্ষকদের আন্তরিকতা, হাতের লেখা উন্নয়ন এবং শিক্ষার্থীদের সামগ্রিক অগ্রগতি তাদের মুগ্ধ করেছে।

অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাইকে তবরক বিতরণের মধ্য দিয়ে দিনের এ আয়োজনের সমাপ্তি ঘটে।

ইএইচ