ট্রাইব্যুনাল যে রায় দেবে, তা কার্যকর করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বরিশাল ব্যুরো প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৪:৫৬ পিএম
ট্রাইব্যুনাল যে রায় দেবে, তা কার্যকর করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন যে রায় দেবেন, সেটি কার্যকর করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার দুপুরে নগরীর বরিশাজেলা পুলিশ লাইন্সে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “ট্রাইব্যুনাল কী রায় দেবে তা আমরা কেউ জানি না। কিন্তু যে রায় দেবে, তা কার্যকর হবে। জনগণসহ সবাই এটা মেনে নেবে।”

তিনি আরও জানান, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার এবং উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দেশে সবাইকে নির্বাচনমুখী থাকার আহ্বান জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন।

এছাড়া তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মন্তব্য করে বলেন, “পরিস্থিতি খুবই ভালো নয়, খারাপও নয়; মোটামুটি সন্তোষজনক।”

ইএইচ