সুনামগঞ্জের জামালগঞ্জে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ঐতিহাসিক সাচনা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে হাজারো জনতার উপস্থিতিতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।
“তারেক রহমানের সালাম নিন–ধানের শীষে ভোট দিন, মাহবুবুর রহমানের সালাম নিন–ধানের শীষে ভোট দিন, রাজপথের মাহবুব ভাই–আমরা তোমায় ভুলি নাই” স্লোগানে মুখরিত হয় সাচনা বাজার।
মিছিলটি সাচনা বাজার প্রদক্ষিণ শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছবর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমরা বিগত ১৭ বছর জেল–জুলুম ও নির্যাতন সহ্য করে আন্দোলন করেছি। সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি জামালগঞ্জসহ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার হাওরাঞ্চলের নারীদেরসহ সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বাম কানের পর্দা হারিয়েছেন। ১৭ বছর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে রাজপথে আন্দোলন করেছেন।
বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানের বিকল্প নেই। তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। চূড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে দল মূল্যায়ন করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। তাই মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানানো হচ্ছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হলেও জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন চূড়ান্ত মনোনয়নের জন্য মিছিল ও মিটিং অব্যাহত রেখেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন