টাঙ্গাইলের মির্জাপুরে মায়ের কুলখানির অনুষ্ঠানের দিন তাঁরই ছেলে হাবিবুর রহমান হবি (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত মোকছেদ আলীর স্ত্রী বিবিজান (৯৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত সোমবার ১০ নভেম্বর তিনি মারা যান। নয় ভাই-বোনের মধ্যে হবি ছিলেন মেজো। হবি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মায়ের কুলখানির আয়োজনের দিন নির্ধারণ করেন রোববার ১৬ নভেম্বর।
কিন্তু শনিবার বিকেলে হবি স্ট্রোক করলে পরিবারের লোকজন তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪ টার দিকে হবি মারা যান। এক সপ্তাহের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
রোববার দুপুর ২টার সময় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে হবিকে দাফন করা হয়। এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও ধানের শীষের মনোনীত প্রার্থী, স্থানীয় সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানাযার নামাজে অংশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন