কাশিয়ানীতে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা আ. লীগ সহ-সভাপতির

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ১১:০৪ পিএম
কাশিয়ানীতে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা আ. লীগ সহ-সভাপতির

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়া মো. কাজী ওমর হোসেন সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি কাজী ওমর হোসেন কাশিয়ানী উপজেলার ৪ নং সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলাম। আমি আজ থেকে আওয়ামী লীগ দলীয় পদ ও সকল প্রকার দলীয় দায়িত্ব থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের সাথে কোনো সম্পর্ক নেই। আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে দেশ এবং দেশের মানুষের জন্য যে দায়িত্ব পালন করার কথা আমার মনে হচ্ছে সেটা পালন করতে আমি ব্যর্থ এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতায় ভুগছি দীর্ঘদিন ধরে। তাই আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।

ইএইচ