পদ্মায় ৪৫ কৃষকের মাঝে বীজ ও জৈব সার বিতরণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০২:১৯ পিএম
পদ্মায় ৪৫ কৃষকের মাঝে বীজ ও জৈব সার বিতরণ

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় স্থানীয় কৃষকদের সক্ষমতা বাড়াতে পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় বীজ ও জৈব সার বিতরণ এবং কৃষি অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পদ্মা সিসিআরসি অফিসে সিসিটিডিভি পদ্মা ও রুহিতা চরলাঠিমারা-৩ গ্রামের মোট ৪৫ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সিসিডিবির পিসিআরসিবি (ফেইজ–২) জলবায়ু পরিবর্তন প্রকল্প এ কর্মসূচির আয়োজন ও বাস্তবায়ন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিবির উপজেলা সমন্বয়ক সুজন চন্দ্র বিশ্বাস।

প্রশিক্ষণে বসতভিটায় পরিবেশবান্ধব সবজি চাষ, জৈব সার প্রস্তুত ও ব্যবহার, কম খরচে অধিক ফলন, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি এবং ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা মোকাবেলাসহ পরিবারিক খাদ্য নিরাপত্তা বৃদ্ধির নানা কৌশল তুলে ধরা হয়।

সিসিডিবির পিসিআরসিবি প্রকল্প কর্মকর্তা মো. অরিসুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলীয় অঞ্চলে কৃষিকাজ ক্রমেই জটিল হয়ে উঠছে। লবণাক্ততা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত ও নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে ঘরে ঘরে সবজি চাষ এবং জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হলে উৎপাদন ব্যয় কমবে এবং পরিবারের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যাবে।

তিনি আরও জানান, এসব উদ্যোগ কৃষকদের স্বনির্ভর করবে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা উদ্যোগটির প্রশংসা করে বলেন, জৈব সার ব্যবহার ও ঘরোয়া সবজি উৎপাদনের কৌশল তাদের বাস্তব জীবনে বড় ধরনের সহায়তা করবে। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি পরিবারের খাদ্যাভ্যাসেও ইতিবাচক পরিবর্তন আসবে।

আয়োজনে উপস্থিত প্রশিক্ষণ উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল হাওলাদার বলেন, স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। আধুনিক কৃষি প্রযুক্তি, জৈব সার ব্যবহার এবং ঘরে বসে সবজি চাষের মতো টেকসই পদ্ধতিতে কৃষকদের দক্ষ করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এমন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কৃষকদের আত্মনির্ভরশীল করবে এবং ফসল উৎপাদনে স্থায়িত্ব আনবে।

ইএইচ