মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে ওয়াদুদ ভূঁইয়ার মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১১:৫৩ পিএম
মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে ওয়াদুদ ভূঁইয়ার মতবিনিময়

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি'র সহ-কার্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সাথে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর এলাকার ইমাম ও ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইমাম, ওলামা, মাশায়েখ ও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি'র সহ-কার্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুপ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্লাহ, তাইন্দং আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু রেজা মহসিন, যামিনী পাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম, কওমি মাদ্রাসার প্রতিনিধি হাফেজ ওমর ফারুক, ইমাম ও ওলামা মাশায়েখের পক্ষ থেকে আক্তারুজ্জামান ফারুকী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি'র সহ-কার্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান থেকে এ রেওয়াজ শুরু হয়েছে। যুগ যুগ ধরে বিএনপি এ নীতিতে কাজ করে আসছে। পাহাড়েও এর ব্যতিক্রম নয়।

জামাতে ইসলামের কয়েকটি বিষয়ে সমালোচনা করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, জামাত ধর্মকে পুঁজি করে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। বর্তমানে সংগঠনটি পতিত আ'লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনকে ঘিরে তামাশা করছে। পিআরসহ কয়েকটি বিষয়ে নিয়ে নির্বাচন ভণ্ডুল করতে তৎপর রয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, পতিত আ'লীগ সরকারের মেয়াদে মানুষ ভোট দিতে পারেনি। যার জন্য বিএনপি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে মামলা, হামলা, নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। মানুষের ভোটে নির্বাচিত হলে পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করবে বিএনপি।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানের ইমাম ও ওলামা মাশায়েখরা অংশ নেন।

সন্ধ্যায় মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ীদের সাথে আরও একটি মতবিনিময় সভা করবেন ধানের শীষের প্রার্থী সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া।

ইএইচ