কুষ্টিয়ার খোকসায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সময়ের বাতিঘর–এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বরইচরা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুব সমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন।
তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। তরুণ প্রজন্মকে এই বিপথ থেকে দূরে রাখতে সচেতনতা ও সামাজিক সহযোগিতা অত্যন্ত জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। তিনি মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, “মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সমাজের প্রতিটি মানুষের সহযোগিতাই পারে মাদকমুক্ত খোকসা গড়তে।”
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খোকসা উপজেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলাম ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
সভাটি সভাপতিত্ব করেন সময়ের বাতিঘর সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে ধরে রাখতে আমাদের এই সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।”
আলোচনা সভা শেষে মাদকবিরোধী শপথ গ্রহণ ও জনসচেতনতার আহ্বান জানানো হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন