পদ্মায় ডুবে যাওয়া দুই কৃষকের পাশে দাঁড়ালেন কুষ্টিয়ার জেলা প্রশাসক

হেলাল মজুমদার, ভেড়ামারা প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৫:২১ পিএম
পদ্মায় ডুবে যাওয়া দুই কৃষকের পাশে দাঁড়ালেন কুষ্টিয়ার জেলা প্রশাসক

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ডুবে যাওয়া দুই কৃষকের পরিবারকে সান্তনা ও সহায়তা প্রদান করেছেন নবাগত কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন। তিনি নিহতদের কবর জিয়ারতও করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় নালা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রশিদ (৫০) এবং শরাফত প্রামাণিকের ছেলে মামুন (২৮)।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে জেলা প্রশাসক নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে সান্তনা দেন। তিনি বলেন, “একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। কিন্তু কিছু মৃত্যু কষ্টদায়ক। তাদের অকাল মৃত্যু আমার বিবেকের কাছে নাড়া দিয়েছে, তাই আমি নৈতিকতার দিক থেকে তাদের পরিবারের পাশে এসেছি।”

জেলা প্রশাসক নিহত পরিবারের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এরপর তিনি নিহত রশিদ ও মামুনের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইএইচ