গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, সকল ভেদাভেদ ভুলে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী খালেদা জিয়া মনোনীত প্রার্থীকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তার নির্বাচনী এলাকার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে উপজেলা ও ইউনিয়ন মহিলা দল আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান বলেন, আমাকে প্রার্থী মনোনয়ন দেয়ার পর থেকেই এলাকার জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবেন।
তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাংক্ষার বাস্তবায়ন করব, ইনশাল্লাহ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।
সেলিমুজ্জামান আশা প্রকাশ করেন, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবেন। গোপালগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, একটি সরকারের পতন হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে পূর্বের থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এবার পক্ষপাতিত্ব হওয়ার কোনো সুযোগ নেই এবং এবার আপনার ভোট আপনি দিবেন, অন্য কারও দেওয়ার সুযোগ নেই।
উপজেলা মহিলাদলের সভানেত্রী জোহরা আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রূপালতা মন্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র মহিলা সম্পাদক ফারজানা মাহবুব, পৌর মহিলা দলের সভাপতি নিশাত জাহান, মহিলা নেত্রী মুক্তা খানম, ফারজানা নিপাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন