মাটিরাঙ্গা জোনের অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৯:৩০ পিএম
মাটিরাঙ্গা জোনের অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

শুক্রবার দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা থেকে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আহধাম, পিএসসি'র দিকনির্দেশনায় ২১ নভেম্বর, শুক্রবার দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদর থেকে বি.জে.ও-৫২৪৩৯ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা থেকে মালিকবিহীন মোট ৬২ টুকরা (১৬৩.৪৬ ঘনফুট) অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।

জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯০ হাজার ৩৮০ টাকা।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আহধাম, পিএসসি বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ইএইচ