মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন ও সাংবাদিকদের মতবিনিময় সভা। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রশাসনের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ এবং জেলা উন্নয়নের মূল চ্যালেঞ্জগুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়। সভাটি অনুষ্ঠিত হয় ২৪ নভেম্বর বিকাল ৪টায়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরাকে নিরাপদ, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন ব্যবস্থার মডেল জেলা” হিসেবে গড়ে তুলতে তাঁর দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, অবৈধ ইটভাটা, যানজট, মাদক, স্বাস্থ্যখাতে অনিয়ম এসবের বিরুদ্ধে আমাদের অবস্থান শূন্য সহনশীলতা। জনস্বার্থে কোনো আপস নেই।তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থাকবে ও প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসকের ভাষায়, আগামী নির্বাচন হবে জনগণের গণভোট জনগণের মতই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রশাসন থাকবে পুরোপুরি নিরপেক্ষ ও আইনানুগ।
মতবিনিময় সভায় বিশেষভাবে আলোচিত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের। তিনি বলেন, মাগুরাকে একটি টেকসই প্রশাসনিক কাঠামোতে উন্নীত করতে হলে প্রথমেই জবাবদিহিতাকে নিশ্চিত করতে হবে। সাংবাদিকরাই সেই জবাবদিহিতার সহযোগী শক্তি।তিনি আরও উল্লেখ করেন,জেলা প্রশাসনের চলমান উন্নয়ন কার্যক্রম শহরের যানজট নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা,এবং সরকারি-বেসরকারি অফিসে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সাংবাদিকদের তথ্যবহুল ও গঠনমূলক ভূমিকা প্রয়োজন।
সভায় উপস্থিত সাংবাদিক নেতারা মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিরাজ আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, মাগুরা রিপোর্টার ইউনিট কল্যাণ সংস্থার সভাপতি কামরুল ইসলাম, রিপোর্টার ইউনিট সভাপতি মো. ইউনুস আলীসহ একাধিক সাংবাদিক জেলার সার্বিক উন্নয়ন ও অসংগতি নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত উপস্থাপন করেন।
আলোচনায় উঠে আসে, অবৈধ ইটভাটা বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা,শহরে যানজট নিয়ন্ত্রণ,মাদক নির্মূল,স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধ,বেকারত্ব কমাতে উদ্যোক্তা ও শিল্পকারখানা স্থাপন,সরকারি-বেসরকারি অফিসে অনিয়ম বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
জেলা প্রশাসক আশ্বাস দেন যে এসব বিষয়ে প্রশাসন ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে এবং সাংবাদিকদের সহযোগিতা থাকলে এগুলো আরও দ্রুত কার্যকর হবে।
প্রশাসনের বার্তা, মাগুরাকে উন্নয়নের দায়িত্বশীল মডেল হিসেবে গড়তে চাই।
মাগুরা সাংবাদিক ফরমে সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি, ওবায়দুর রহমান বলেন, মাগুরার অবৈধ ৯৯ ইটভাটা থেকে এলআর ফান্ডের নামে যে টাকা নেয়া হয়,সে টাকা আদেও এলআর ফ্রেন্ডে জমা হয় কিনা,জমা হলে,জমাকৃত টাকা কোন খাতে ব্যয় করা হয় তা জানতে চান তিনি।
সভা শেষে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক যৌথভাবে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সমালোচনা,পরামর্শ ও তথ্য আমাদের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাগুরাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও উন্নয়নকেন্দ্রিক জেলায় রূপান্তর করার এই যাত্রায় সাংবাদিকতার ইতিবাচক শক্তিকে আমরা মূল্যায়ন করি।
সভার পুরো সময়জুড়ে একটি বিষয় স্পষ্ট ছিল মাগুরা জেলা প্রশাসন এখন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর আইন প্রয়োগের ব্যাপারে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সক্রিয়।আর সাংবাদিকরা সেই পরিবর্তনের অন্যতম অংশীদার।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন