ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ চলমান বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, উপজেলা পরিষদের কর্মকর্তারা এবং স্থানীয় সংবাদকর্মীরা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে মাঠ প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়েও আলোকপাত করা হয়। উপস্থিত বক্তারা মাদক নির্মূল, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকার নিরাপত্তা, স্কুল-কলেজের পরিবেশ রক্ষা, বাজার ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় রোধে সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান।
ইউএনও খাদিজা আক্তার তার বক্তব্যে বলেন, “উপজেলার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন একা নয়; এ কাজে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভা শেষে আগামী মাসের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি দায়িত্ব পালনে আরও তৎপর থাকার নির্দেশনা প্রদান করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন