লালমনিরহাটের কালীগঞ্জে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সচেতন মহল এবং বিভিন্ন সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষভান্ডার সুপার মার্কেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার সমাজ ও পরিবারে নৈরাজ্য তৈরি করছে। যুব সমাজ অল্প বয়সেই এসবের ফাঁদে জড়িয়ে পড়ায় ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের জুয়া এখন সামাজিক অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ। জুয়ার নেশা যুবকদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে অসংখ্য পরিবার। এখনই সরকার কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
বক্তারা মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিয়ে এলাকায় মাদক ও জুয়া নির্মূলের আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দেন, অবিলম্বে মাদক ও অনলাইন জুয়া বন্ধে ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন