ময়মনসিংহ বড় মসজিদের মাদরাসা ছাত্রকে ছুড়িকাঘাত: আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে রেফার

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ১০:৫৫ এএম
ময়মনসিংহ বড় মসজিদের মাদরাসা ছাত্রকে ছুড়িকাঘাত: আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে রেফার

ময়মনসিংহ জামিয়া ফয়জুর রহমান রহ. বড় মসজিদের ছাত্র আজিজুল হক মুয়াজকে সুতিয়াখালি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন।

পরিবারের সদস্যরা জানান, হামলার পর থেকেই মুয়াজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।

একই সঙ্গে এই নির্মম হামলার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। ঘটনার পর স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও উদ্বেগ।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম। তবে হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তে কাজ করছে।

ইএইচ