ঢাকার ধামরাইয়ে পার্কিং অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি হয়নি।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শামসুল হক জানান, গভীর রাতে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান, তবে ততক্ষণে বাসচালক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বাসচালকের দাবি, এটি স্বাভাবিক দুর্ঘটনা নয়; দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে বাসটির ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় শঙ্কা সৃষ্টি হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে বা এর পেছনে কোনো বিরোধ আছে কি না তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস বা স্থানীয় প্রশাসন। প্রয়োজনীয় তদন্তের পর কারণ জানা যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন