নবাবগঞ্জের ইউএনওর ইসলামিক রিলিফ কানাডা–ফান্ডেড সাপোর্ট প্রকল্প পরিদর্শন

দিনাজপুর জেলা ও নবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৫:৩২ পিএম
নবাবগঞ্জের ইউএনওর ইসলামিক রিলিফ কানাডা–ফান্ডেড সাপোর্ট প্রকল্প পরিদর্শন

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান আজ শেরনগর, পুটিমারা এলাকায় ইসলামিক রিলিফ কানাডা তহবিলভুক্ত সাপোর্ট প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। 

এ সময় তিনি শেরনগর সেল্ফ-হেল্প গ্রুপের অগ্রগতি, সাফল্য ও পরিবর্তন প্রত্যক্ষ করেন।

তাকে স্বাগত জানান প্রকল্প ব্যবস্থাপক কাজল কুমার বসাক। তিনি ইউএনওকে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগ, ইইজিপি মডেল এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

সভায় শেরনগর সেল্ফ-হেল্প গ্রুপের সভাপতি সেফাতুন বেগম ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, “আজ আমাদের জন্য খুবই আনন্দের দিন। আমরা কখনো ভাবিনি ইউএনও স্যার আমাদের গ্রুপে আসবেন। এটা আমাদের জীবনের এক স্মরণীয় ঘটনা।” তিনি গ্রুপের নিয়মিত কার্যক্রম ও অর্জন সংক্ষেপে তুলে ধরেন।

সেফাতুন বেগম জানান, একসময় গ্রুপের সদস্যরা সম্পদহীন ছিলেন, এখন তাদের সঞ্চয় ৪ লাখ ৫০ হাজার টাকা। নিজেদের সঞ্চয় থেকে তারা বিনা সুদে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। সকল সদস্য চাল সঞ্চয়ের কার্যক্রমে যুক্ত, যা প্রয়োজনের সময় ঋণ হিসেবে ব্যবহার করে পুনরায় জমা দেয়। অর্থনৈতিক কার্যক্রমের পাশাপাশি তারা বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ওপর সহিংসতা প্রতিরোধ এবং বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণে সহযোগিতা করছে।

গ্রুপ সদস্যদের সাফল্যের গল্প শুনে ইউএনও জিল্লুর রহমান আন্তরিক প্রশংসা জানান। তিনি বলেন, “আমি সত্যিই মুগ্ধ। আপনারা যে এত সুন্দরভাবে স্বনির্ভর হয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আগে আমরা ভাবতাম এনজিও মানেই ঋণ দেওয়া; কিন্তু এখানে এসে বুঝলাম উন্নয়নমূলক কার্যক্রম মানুষের জীবন বদলে দিতে পারে।” তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে এমন কার্যকর উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য ধন্যবাদ জানান।

পরিদর্শনের এক পর্যায়ে ইউএনও গ্রুপ সদস্যদের কাছে তাদের চাহিদা জানতে চাইলে তারা জানান, বাড়ির কাছে একটি রাস্তা বর্ষায় কাদায় ভরা থাকে এবং তা মেরামতের প্রয়োজন। ইউএনও তাৎক্ষণিকভাবে রাস্তা পরিদর্শন করে পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শন শেষে তিনি জলবায়ু সহনশীল মডেল ফার্মহাউস এবং জলবায়ু সহনশীল প্রদর্শনী প্লট ঘুরে দেখেন এবং প্রকল্পের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।

ইএইচ