বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগরীতে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় কাশিয়াডাঙ্গা থানা বিএনপি কার্যালয় চত্বরে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনে দলীয় মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সেদিন এলাকায় ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ হওয়ার কথা ছিল। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি গণসংযোগ স্থগিতের সিদ্ধান্ত নেন।
মিনু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় গণসংযোগ আয়োজন আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা উদ্বিগ্ন। তাই আজ শুধু দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। গণসংযোগ আপাতত স্থগিত করা হলো। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহসভাপতি অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল হক রবি এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন