মাগুরায় ১৫টি ক্রীড়া প্লেয়ার হান্টিং ক্যাম্প উপলক্ষে মতবিনিময় সভা

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ১০:৪৪ এএম
মাগুরায় ১৫টি ক্রীড়া প্লেয়ার হান্টিং ক্যাম্প উপলক্ষে মতবিনিময় সভা

শিশু, কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে মাগুরায় ১৫টি ভিন্ন ক্রীড়া ইভেন্টে ‘প্লেয়ার হান্টিং ও প্রশিক্ষণ ক্যাম্প’ আয়োজনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

শনিবার সন্ধ্যায় মাগুরা ইনডোর স্টেডিয়ামে স্থানীয় কোচ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাঠ ও সরঞ্জাম সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতবিনিময় হয়। মাগুরা স্পোর্টস একাডেমির পক্ষ থেকে ১৫টি ইভেন্টে প্লেয়ার হান্টিং, বাছাই ও বয়সভিত্তিক প্রশিক্ষণের পরিকল্পনা উপস্থাপন করা হয়।

জেলা প্রশাসক বলেন, তরুণ সমাজকে সুস্থ ও সঠিক পথে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তবে তিনি ক্যাম্প সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের প্রত্যাশা এ উদ্যোগ মাগুরার প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে ধরবে।

জেএইচআর