মেহেরপুর সীমান্তে ১০টি স্বর্ণের বার ও ভারতীয় নাগরিকসহ ২ জন আটক

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৯:১২ পিএম
মেহেরপুর সীমান্তে ১০টি স্বর্ণের বার ও ভারতীয় নাগরিকসহ ২ জন আটক

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

রোববার বিকাল ৪টার দিকে বাজিতপুর সীমান্তের ১১৭/৬ এস নং পিলারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজানুর রহমান (২৪) ও মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাজমুল হাসান জানান, বাজিতপুর ক্যাম্প বিজিবি হাবিলদার শাহাজান সিরাজের নেতৃত্বে একদল বিজিবি নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তে নিয়োজিত ছিলেন।

এ সময় বাজিতপুর সীমান্তের ১১৭/৬ এস নাম্বার পিলারের কাছে ওই দুইজনের গতিবিধি সন্দেহজনক হলে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তাঁরা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। এ সময় তাঁদের নিকট থাকা ঘাসের বস্তার ভিতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

ইএইচ