অসহায় বিমলা হাজংয়ের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার কায়সার কামাল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৪:২৮ পিএম
অসহায় বিমলা হাজংয়ের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের বেলতলী গ্রামে অসহায় বৃদ্ধা বিমলা হাজং অবশেষে মাথা গোঁজার স্থায়ী আশ্রয় পেয়েছেন। দীর্ঘদিন ঝুপড়ি ঘর ও মানবেতর অবস্থায় বসবাস করা এই বৃদ্ধা এবার একটি নতুন ঘর উপহার পেয়েছেন মানবিক উদ্যোগের অংশ হিসেবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই ঘর উপহার কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নেওয়া এ উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

তার নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা ঘর নির্মাণের সমস্ত দায়িত্ব পালন করেন।

বিমলা হাজং নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে জানান, জীবনে কখনো ভাবিনি নতুন ঘর পাব। এতদিন ভাঙা ঘরে কষ্ট করে থাকতাম। আজ মনে হচ্ছে নতুন জীবন পেলাম।

স্থানীয়দের মতে, এই ঘর উপহার শুধু একটি নির্মাণকাজ নয় এটি মানবিকতার দৃষ্টান্ত। এলাকার প্রবীণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া বলেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি। সমাজের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে তারা সবসময় এগিয়ে থাকবেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে আমরা আমাদের সাধ্যমত মানবতার কল্যাণে কাজ করছি। আমাদের এ কাজ অব্যাহত থাকবে।

ইএইচ