পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে জেএসএসের গণসমাবেশ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৫:০১ পিএম
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে জেএসএসের গণসমাবেশ

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের জিমনেশিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার বলেন, আমরা পার্বত্য চুক্তি বাস্তবায়ন চাই। আমরা দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করছি না। কিন্তু দেশেব্যাপী আমাদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। আমরা শান্তি চাই।

তিনি আরও বলেন, চুক্তি বাস্তবায়নের আন্দোলনে বিভিন্ন সময় সংঘর্ষে জেএসএস-এর চার শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। এই আত্মত্যাগের পরও চুক্তির কার্যকর বাস্তবায়ন হয়নি, এটা পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে অবিচার যোগ করেন তিনি।

রাজনৈতিক সমাধান ও পাহাড়ে স্থায়ী শান্তির দাবি তুলে তিনি আরো জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এতে অংশগ্রহণ করবে। নির্বাচনে বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ডাক্তার গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন-এর সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক-এর সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রুমেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বক্তব্য রাখেন।

রাঙামাটির জেএসএস নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আঞ্চলিক পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জনসংযোগ কর্মকর্তা বিমল কান্তি চাকমা ও সহকারী নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ট্রান্সফট মুখ্য নির্বাহী কৃষ্ণ চন্দ্র চাকমা, সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা, ফদাং তাং রাংলাই, হাজী মো. কামাল উদ্দিন, নুরুল আলম, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, জেলা পরিষদের সদস্য নাই উ প্রু মারমা মেরি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি থোয়াই অং মারমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলা সভাপতি সমির কান্তি দে, সিএইচটি উইমেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সান্তনা চাকমা, এনজিও সংস্থা পাড়ার নির্বাহী পরিচালক মো. আব্বাস উদ্দিন প্রমুখ।

ইএইচ