মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:৪৪ পিএম
মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কাম-মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা এম এ কাদের, অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা আ. রহিম, কৃষি অফিসার আব্দুস সাকুর সাদী, উপজেলা জামায়াতের সভাপতি মোফাজ্জল হোসেন সবুজ, বিএনপি নেতা মিহির গোস্বামী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবস দু’টি সর্বোচ্চ মর্যাদায় উদযাপন করা অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠানে আরও প্রাণবন্ততা ও সমৃদ্ধি আনতে উপস্থিত সকলেই গঠনমূলক মতামত তুলে ধরেন।

উদযাপনকে সফল করতে অনুষ্ঠানে যথাযথ সাজসজ্জা, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের জীবনগাথা নিয়ে আলোচনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা, দেশাত্মবোধক সংগীত, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের মতো কার্যক্রম আয়োজনের বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন আরও সুন্দর, সুশৃঙ্খলভাবে উদযাপিত হবে বলে তারা আশা ব্যক্ত করেন।

ইএইচ