একাদশতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতির কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব, এক্স-রে ও বিভিন্ন ডায়াগনস্টিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এই কর্মবিরতি পালন করা হয়।
হাসপাতাল চত্বরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক্স-রে বিভাগ, টেকনোলজি বিভাগ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহের ফার্মাসিস্টদের রুম তালাবদ্ধ। ভুক্তভোগী রোগীরা পাশের বেঞ্চে বসে রয়েছেন, কেউ কেউ আবার হতাশা ও ক্ষোভে আগে থেকেই চলে গেছেন।
তবে জরুরি বিভাগ ও চিকিৎসকদের অন্যান্য সেবা চালু রয়েছে। শুধু উল্লেখিত তিন বিভাগের রোগী ও তাদের স্বজনদেরই মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীদের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো।
কর্মবিরতিতে থাকা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, একাদশতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার দাবি তাদের দীর্ঘদিনের। তারা প্রায় ত্রিশ বছর ধরে অবহেলিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। তাদের এই পোস্টটা ব্লক পোস্ট, এখানে কোনো প্রমোশন নেই। দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছেন। তাদের অনেক পরে যারা ডিপ্লোমাধারী নিয়োগ পেয়েছেন, তাদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে, অথচ তাদের পোস্টটি অবহেলিত। আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল থেকে পূর্ণ শাটডাউন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও জানান তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন