সন্দ্বীপে মহিব উল্লাহ মুন্সি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৩:২৮ পিএম
সন্দ্বীপে মহিব উল্লাহ মুন্সি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

কোভিড-১৯ সহায়তা প্রকল্পের আওতায় সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মহিব উল্লাহ মুন্সি সড়কের সিসি ঢালাই উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। 

প্রায় ৯৭ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৫২৫ ফুট দীর্ঘ এই সড়ক নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি থেকে এলাকাবাসী মুক্তি পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ১০টায় এ উন্নয়নকাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক মংচিংনু মারমা। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া নিহার, এস এম রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে পৌর প্রশাসক মংচিংনু মারমা বলেন, "সন্দ্বীপ পৌরবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছি। এই সড়ক সম্পন্ন হলে স্থানীয়দের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।"

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির বেহাল অবস্থার কারণে বর্ষায় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলাবালির ভোগান্তি পোহাতে হতো তাদের। নতুন রাস্তার নির্মাণ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের ধারণা, সড়কটি এলাকার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্ন করা হবে।

ইএইচ