মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ।
শনিবার সদর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে তিনি জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নির্দেশনা অনুযায়ী এবং সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে কুতুবপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটির নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে জাফরুল্লাহকে সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ফয়েজ মোহাম্মদ অভিযোগ করেন, গত ৫ ডিসেম্বর মেহেরপুর প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক এমপির জামাই পরিচয়দাতা আসিফুল হক মজনু কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনোনীত না হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, মজনু একজন অসৎ চরিত্রের লোক এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড ও নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তাই ইউনিয়নবাসী তাকে কোনো দায়িত্বে দেখতে চায় না।
তিনি আরও বলেন, মজনু যে অর্থ লেনদেনের কথা উল্লেখ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি প্রমাণ করতে পারেন, তিনি নিজেই সমস্ত টাকা ফেরত দেবেন এবং রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নেবেন।
ফয়েজ মোহাম্মদ মিথ্যা বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার দীর্ঘ রাজনৈতিক জীবনকে কলঙ্কিত করার হীন প্রচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন