আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন (জিএসএ) সারাদেশে ৯৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে।
তারা হলেন- বরিশাল-১ আসন: গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সহ-সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, বরিশাল সদর-৫ আসন: গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু, পটুয়াখালী-২: আমজাদ হোসেন, ঝালকাঠি-২: আবদুল কাদের খান, পিরোজপুর-৩: অ্যাডভোকেট রিয়াজুল ইসলামকে গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষনা করা হয়।
বরিশাল সদর–৫ আসনে প্রার্থীতা ঘোষণার পর সকালে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি টাউন হল থেকে বের হয়ে ফজলুল হক এভিনিউ, চকবাজার ও লাইন রোড প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রার্থী দেওয়ান আব্দুর রশিদ নীলু। উপস্থিত ছিলেন জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ–সমন্বয়কারী আবুল হোসেন মারুফ, সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, রুবিনা ইয়াসমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তৃতায় নীলু বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে পারছে না। প্রকৃত গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো প্রতিষ্ঠায় ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কার জরুরি। তিনি জানান, আগামী নির্বাচন সংবিধান সভা ও জাতীয় সংসদ উভয় ধরনের নির্বাচন একসাথে হওয়া উচিত।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিক–কৃষক–খেটে–খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এমন প্রতিনিধিদের নির্বাচন করতে হবে যারা সত্যিকার অর্থে জনগণের কথা সংসদে তুলবে। দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থই হবে তাদের রাজনীতির মূল লক্ষ্য।
তারা আরও বলেন, ধর্ম, লিঙ্গ বা জাতীয়তার ভিত্তিতে কোনো নাগরিকের মর্যাদা হানি করা যাবে না। জনমানুষের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামো গড়ার আহ্বান জানান বক্তারা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন