বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবীতে খুলনায় গণমিছিল

মো. নুরুল আমিন. (খুলনা) প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৩২ পিএম
বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবীতে খুলনায় গণমিছিল

খুলনা-১ আসনে জিয়াউর রহমান পাপুলকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবীতে গণমিছিল করেছে তার কর্মী সমর্থকরা। 

শনিবার বিকেলে খুলনার সিটি বাইপাস সড়কের সাচিবুনিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জিরোপয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয়রা। মিছিলে জিয়াউর রহমান পাপুল উপস্থিত ছিলেন। তিনি খুলনা-১ আসন বটিয়াঘাটা-দাকোপের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

জিয়াউর রহমান পাপুলের সমর্থক প্রান্ত বিশ্বাস বলেন, বটিয়াঘাটা–দাকোপের মানুষের আস্থা, ভালোবাসা আর মাঠের রাজনীতি সবকিছুতেই পাপুল ভাই একধাপ এগিয়ে। তিনি দুর্দিনে দলের পাশে থেকেছেন, আমাদের পাশে থেকেছেন। তাই আমরা তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছি।

হুমায়ন নামের আরেক কর্মী বলেন, দলের প্রতিটি আন্দোলনে পাপুল ভাই ছিলেন সামনের সারিতে। মাঠে যারা কাজ করে, মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা বেশি, মনোনয়ন তাদেরই পাওয়া উচিত। আমরা আশা করি চেয়ারপার্সন ও মহাসচিব আমাদের দাবি বিবেচনা করবেন।

গত বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনা-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে আমির এজাজ খানের নাম চূড়ান্ত ঘোষণা করেন।

নাম ঘোষণার পর থেকেই পাপুলের সমর্থকরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে গণমিছিল কর্মসূচি পালন করেন।

জেএইচআর